ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আহত মা, মেয়ের হাত বিচ্ছিন্ন
১২ বছর আগে বিয়ে হওয়া কুষ্টিয়ার সুমি-সাপ্পী দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
কুষ্টিয়ায় স্বামীর সঙ্গে কলহের জেরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। এতে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পাঁচ বছর বয়সী শিশুটির বাম হাত। গুরুতর আহত হয়েছেন মা।
শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. মনজের আলী।
আহত সুমি খাতুন (৩০) কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকায় সি ব্লকের সাপ্পী ইসলামের স্ত্রী। ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের আট বছর বয়সী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, স্বামীর সঙ্গে সুমির প্রায়ই ঝগড়া হতো। শনিবার সকালে পারিবারিক কলহের জেরে সুমি মেয়ে সুরভিকে (০৫) নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন।
এ সময় শিশুটির বাম হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া দুজনের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুটির বাম হাতের ক্ষত স্থান এবং মায়ের হাত-পা, মাথাসহ দুজনেরই শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে। তারা যন্ত্রণায় কাতরাচ্ছিল।
ওসি মনজের আলী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা দর্শনাগামী মালবাহী ট্রেনটি যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
