নাটোরে বিল থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নাটোরের নলডাঙ্গায় হালতি বিল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বিলের সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নলডাঙ্গা থানার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান।
অজ্ঞাত ওই যুবকের পরনে নীল রঙের ট্রাউজার, বাদামী জ্যাকেট ছিল। এছাড়া তার গলায় লাল-নীল-সাদা রঙের মাফলার ও হাতে সাদা-কালো গ্লাভস পরিহিত ছিল।
মোস্তাফিজুর রহমান বলেন, হালতি বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে ভারী কিছু দিয়ে মুখে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নিহতের পরিচয় উদঘাদনসহ মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
