২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সভায় বিশৃঙ্খলা: জাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার, ৩ জনকে অব্যাহতি

আহ্বায়ক কমিটির সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার একদিন পর জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল কেন্দ্রীয় কমিটি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় তিন নেতাকে অব্যাহতি ও ছয়জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়ারা হলেন- নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আব্দুল হাই। তারা শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বহিষ্কৃতরা হলেন- আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক এবং সদস্য আবদুল গাফফার ও আল ইমরান।

এ ছাড়া বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদবঞ্চিতদের বিরোধের মুখে ছাত্রদলের সভা পণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির জরুরি সভায় পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সভা স্থগিত ঘোষণা করা হয়।

এর আগে ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্যসচিব করে ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।