Published : 21 Jun 2026, 06:00 PM
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের জামিন হয়েছে।
রোববার বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মেজবা।
তিনি বলেন, জামিন শুনানির সময় বাদীপক্ষও আসামির জামিনের পক্ষে মত দেয়।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাব বলেন, ভুল-বোঝাবুঝি থেকে মামলাটি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে।
বাদীপক্ষও আসামির জামিনের পক্ষে মত দেয়। পরে আদালত জামিন মঞ্জুর করেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সাইবার সুরক্ষা আইনে বুধবার রাতে বগুড়া সদর থানায় মামলা করেন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন।
মামলায় ৪ জুন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভুয়া তথ্য’ প্রকাশ করে ‘ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টার’ অভিযোগ আনা হয়।
এ ছাড়া ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দেওয়া প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তা-কাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়।
একইভাবে ১৩ জুন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসানকে আসামি করা হয়।
বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের-ডিবি একটি দল গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে শুক্রবার এক বিবৃতিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য প্রচার করা হচ্ছে। তবে তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগতভাবে কোনো মামলা বা অন্য কোনো পদক্ষেপ না নেন, কারণ এ ধরনের উদ্যোগে তার কোনো অনুমোদন নেই।
বিবৃতিতে তিনি গ্রেপ্তার সাংবাদিকদের দ্রুত মুক্তির আশা প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনাটি ঘিরে সাংবাদিক সমাজে কোনো ভুল-বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না করতে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।