বরিশালে সড়কে শিক্ষার্থীরা, ইটের আঘাতে আহত পুলিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বরিশালে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা রাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় ইটের আঘাতে পুলিশের এক কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার বিকাল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা রাস্তাতেই ছিলেন।
বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, “শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। পুলিশ মোতায়েন রয়েছে।”
এর আগে বেলা ১১টা থেকে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা, নথুল্লাবাদ ও বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তখন তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ সময় আন্দোলনকারীদের ইটের আঘাতে আহত হয়েছেন মহানগরের পুলিশের উপ- কমিশনার আলী আশরাফ ভুঞা। মারধরে ও ইটের আঘাতে আরও দুই সাংবাদিক আহত হয়েছেন।
বরিশাল মহানগরের পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের সড়কে শিক্ষার্থীদের ইটের আঘাতে উপ-কমিশনার আলী আশরাফ ভুঞার মুখের উপর আঘাত করে। বর্তমানে তিনি বরিশালে চিকিৎসা চলছে।
তিনি জানান, শিক্ষার্থীদের হামলায় তাদের আরও সাত-আট সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ ছাড়া একই সময়ে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নেয় সরকারি বি এম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “পৌনে ১টার দিকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সামনে দিয়ে এক পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তখন শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। তিনি শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
“তখন শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। তখন পুলিশ এসে কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে”, বলেন ওই প্রত্যক্ষদর্শী।
এ খবর নগরীর নথুল্লাবাদ এলাকায় পৌঁছলে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুর পৌনে ২টার পর থেকে সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নথুল্লাবাদ এলাকায় অবস্থান করা প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশে কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। শিক্ষার্থীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ সময় লুঙ্গি পরিহিত একদল অজ্ঞাত যুবক শিক্ষার্থীদের উপর হামলা করে।
এক পর্যায়ে শিক্ষার্থীরা হানিফ পরিবহনের একটি বাসে ভাঙচুর চালায়।
শিক্ষার্থীদের ইটের আঘাতে আহত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক শামীম আহমেদ। শিক্ষার্থীরা পিটিয়ে আহত করেছে ডিবিসি নিউজের মাল্টিমিডিয়ার প্রতিনিধি ওমর ফারুক ও তার ক্যামেরা পারসনকে।
এদিকে বেলা ১১টা থেকে বরিশালের সঙ্গে সড়ক পথে সব জেলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে এয়ারপোর্ট থানার ওসি এস এম মাকসুদ আলম জানিয়েছেন।
