Published : 14 Mar 2026, 05:14 PM
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামির নাম নুরুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক।
রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলন, “শনিবার নির্যাতিত ছাত্রী ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। আসামি পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
মামলার বরাতে পুলিশ জানায়, বুধবার ওই ছাত্রী শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় সেখানে আর কেউ ছিল না। তখন শিক্ষক ছাত্রীর গায়ে হাত দেন। ছাত্রী বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা এ বিষয়ে পুলিশে অভিযোগ দেন।
ওসি বলেন, অভিযোগের সত্যতা পেয়ে বৃহস্পতিবার মামলা করা হয়েছে।
এ বিষয়ে ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র কাজ্জী বলেন, “নুরুল আমিনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল খুললে তা কার্যকর হবে।”
মামলার বাদী বলেন, শিক্ষক নুরুল আমিন তার ছোটবেলার বন্ধু। আত্মবিশ্বাস থেকে তিনি বন্ধুর কাছে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন।