মাদারীপুরে তিন খুন: গ্রেপ্তার দুই আসামি কারাগারে
ওই হত্যাকাণ্ডে আলাদা দুটি মামলায় ৯৯ জনের মধ্যে এক ইউপি চেয়ারম্যান ও তার ভাই প্রধান আসামি।
মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্য ও ছেলেসহ তিন খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান।
এর আগে রোববার রাতে যৌথবাহিনীর অভিযানে নিজবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মামলার এজাহারনামীয় আসামি সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতু। তাদের বাড়ি কালকিনির বাঁশগাড়ি এলাকায়।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউপির সদস্য আখতার শিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি সংঘর্ষ ও হত্যাকাণ্ডও ঘটেছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় আখতার ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন। এর মধ্যে শুক্রবার রাতে আখতার ও তার ছেলে মারুফ এলাকায় ফেরেন।
এ সময় ইউপি চেয়ারম্যান সুমনের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করেন। পরে দুপক্ষের লোকজন রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষের সময় খাসেরহাট সেতুর কাছে ধারালো অস্ত্রের আঘাতে আখতার শিকদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় তার ছেলে মারুফসহ কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় ওই এলাকার সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারা যান।
এ ঘটনায় নিহত আখতার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে একটি এবং নিহত সিরাজুলের বাবা রশিদ চৌকিদার ৩৪ জনের নামে আরেকটি মামলা করেন।
রোববার রাতে কালকিনি থানায় নথিভুক্ত হওয়ার দুই মামলাতেই বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার ভাই মশিউর রহমান রাজনকে প্রধান আসামি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম তথ্য দেন।
রাতেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই এলাকার এজাহারভুক্ত আসামি সাব্বির হোসেন শান্ত ও মোতালেব হোসেন মতুকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নির্দেশেই তিন খুনের ঘটনা ঘটেছে।”
পুরোনো খবর:
