২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ‘চিকেন পক্সে’ ভোগার মধ্যে স্কুল শিক্ষকের মৃত্যু

সিভিল সার্জন বলেন, নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর ইতিশ চন্দ্র কী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যাবে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 09:21 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

গাইবান্ধা সদর উপজেলায় ‘চিকেন পক্সে’ আক্রান্ত হওয়ার মধ্যে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।  

এ ঘটনায় উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী বোর্ড ঘর মধ্যপাড়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্বাস্থ্য বিভাগ বলছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তিনি আসলে কী রোগে মারা গেছেন তা পরিষ্কার হবে। 

ইতিশ চন্দ্র দাস (৪৫) রোববার রাত ১টার দিকে নিজের বাড়িতেই মারা যান। 

তিনি ওই গ্রামের প্রাণবন্ধু চন্দ্র দাসের ছেলে। তিনি খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে কর্মরত ছিলেন।

ইতিশ দাসের স্ত্রী অর্চনা রানী সাংবাদিকদের বলেন, কয়েক দিন আগে প্রথমে তার নিজের শরীরে জল বসন্তের লক্ষণ দেখা দেয়। পরে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন। 

তারপর ২৮ এপ্রিল ইতিশের শরীরেও একই ধরনের রোগ দেখা দেয়। এর মধ্যে বড় ছেলে প্রিমল দাস ঢাকা থেকে বাড়িতে আসনে। ২৯ এপ্রিল সেও আক্রান্ত হয়। পরে ছোট ছেলে অমৃত দাসের শরীরেও একই লক্ষণ দেখা দেয়। 

অর্চনা রানী বলেন, “আমার স্বামীর মুখমণ্ডল, চোখ, খাদ্যনালীসহ শরীরজুড়ে বসন্ত ছড়িয়ে পড়ে। রোববার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তিনি মারা যান।”

তিনি স্থানীয়ভাবে এক কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানান স্ত্রী অর্চনা রানী।  

এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে গাইবান্ধার সিভিল সার্জন রফিকুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিকেন পক্স রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া আগে থেকেই তিনি হৃদরোগ কিংবা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এসব কারণে তার মৃত্যু হতে পারে।   

“বিষয়টি জানার পর স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে তথ্য ও নমুনা সংগ্রহ করছেন। নমুনা পরীক্ষা- নিরীক্ষার পর ইতিশ চন্দ্র কী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যাবে।”