২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘শখের বসে’ ব্রহ্মপুত্রে সাঁতার, লাশ মিলল দুদিন পর

ফায়ার সার্ভিস বলছে, সোহান তার বন্ধুদের সঙ্গে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়ানো শেষে ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে নামেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 05:05 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে নেমে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলার কামারজানি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা জানান।

মৃত ২৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম সাইদুর রহমান সোহান। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অনার্সের ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলেন, সোহান তার আরও ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান ‘শখের বসে’ ব্রহ্মপুত্র নদে সাঁতরাতে গিয়ে নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নারায়ণ বর্মা বলেন, “ওই কলেজ ছাত্রের নিখোঁজের খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরদিন শনিবার নদে তল্লাশি চালানো হলেও সোহানের কোনো সন্ধান মেলেনি।”