গাজীপুরে ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৪ জনের দুই বছরের জেল
কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুর-৪ আসনে একটি কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন।
দণ্ড পাওয়ারা হলেন- কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের বিএনপি কর্মী ইলিয়াস, চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক, একই উপজেলার চাঁদপুর গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী ইফতেখার এবং ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের জামায়াত কর্মী মেজবাহ।
আলমগীর হোসেন বলেন, কেন্দ্রের বাইরে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে উভয়দলের চার নেতাকর্মীকে আটক করেন। আটকদের মধ্যে একজন অন্য জেলার বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।
