২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-১: মনোনয়ন বঞ্চিত সুলতানুলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম নেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় তারা সুলতানুল ইসলাম তারেকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম নেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।

মনোনয়ন ফরম নিয়ে তিনি অভিযোগ করেন, “রাজশাহী-১ আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিবারতন্ত্র বিবেচনায় নেওয়া হয়েছে। ৫ অগাস্টের পর আবির্ভূত এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে দিয়ে ধানের শীষের বিজয় সম্ভব নয়।”

তিনি দাবি করেন, “দলীয় ত্যাগ ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা বিবেচনায় প্রার্থী পরিবর্তন করে ত্যাগী নেতা সুলতানুল ইসলাম তারেককে মনোনয়ন দেওয়া হোক। নাহলে স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি নেতাকর্মীরা দেখিয়ে দিতে চায়, তারা রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- তানোর উপজেলা বিএনপির সদস্যসচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মাদ এনামুল হক চয়ন, তানজিলুর রহমান শেলি, রাজশাহী জেলা জিয়া পরিষদের সহসভাপতি সাইফুল ইসলাম, পাকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান, চর আশাড়িয়া দহ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, কমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন আটজন নেতা। এদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দীনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই।