Published : 18 Jun 2026, 05:27 PM
পাবনার আটঘরিয়ায় বহুতল ভবনের ছাদে জমে থাকা বৃষ্টির পানি সরাতে গিয়ে পা পিছলে বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেবোত্তর বাজারের একটি বহুতল ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে বলে আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন জানান।
নিহত ৩০ বছর বয়সী শাহাদাৎ উপজেলার কদমডেঙা গ্রামের বাসিন্দা এবং দেবোত্তর বাজারের পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ‘আকুল স্টোরের’ কর্মী ছিলেন।
আহত ব্যবসায়ী মো. আক্তার হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দেবোত্তর বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদে গত রাতের বৃষ্টির পানি জমে ছিল। সেই পানি নিচে থাকা আকুল স্টোরের ওপর পড়ছিল। দোকানটিকে পানির ক্ষতি থেকে রক্ষা করতে বৃহস্পতিবার সকালে শাহাদাৎ ছাদে ওঠেন।
পানি নিষ্কাশনের কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এ সময় তিনি ছাদের পাশ ঘেঁষে থাকা প্রধান বৈদ্যুতিক লাইনের তারের ওপর পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহাদাৎকে তারের সঙ্গে আটকে থাকতে দেখে নিচে থাকা ‘সিট কাপড়ালয়’-এর স্বত্বাধিকারী আক্তার হোসেন তাকে উদ্ধারে ছুটে যান। তবে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ অফিসে খবর দিলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর আহত আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পরে খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাদ থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, বাজার এলাকার বিভিন্ন ভবনের গা ঘেঁষে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক তার টানানো থাকলেও দীর্ঘদিন ধরে তা সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন ও অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।ওসি
নাজমুল বলেন, “ঘটনাটি মর্মান্তিক, তবুও পরিবেশ স্বাভাবিক রাখার বিষয়ে আমরা তৎপর ছিলাম, উৎসুক জনতা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে।”