পূর্ব বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা: একজনের প্রাণদণ্ড
পাঁচ বছর আগে তাদের কুপিয়ে ও পায়ের রগ কেটে নিজ বাড়িতে হত্যা করা হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবুবক্কার সিদ্দিক জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম (৪০) উল্লাপাড়া উপজেলার পূর্বমহেশপুর গ্রামের শাহজাহান প্রামাণিকের ছেলে।
এ মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন-মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলাল প্রামাণিক (৫৫), একই গ্রামের মো. বাচ্চু মিয়া (৪৩), দুলাল সরকার (৬০), মাসুদ উল্লাহ ওরফে রতন (৪০) রহমত উল্লাহ ওরফে পান্না (৪৩), রফিকুল ইসলাম (৬২) ও মো. বদিউজ্জামান (৬০)।
সাজার পাশাপাশি সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবুবক্কার সিদ্দিক বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ২০১৯ সালের ২৬ জুন রাতে সাবেক সেনা সদস্য আলতাব হোসেন মুকুল এবং তার বৃদ্ধা মা রিজিয়া খাতুনকে কুপিয়ে ও পায়ের রগ কেটে নিজ বাড়িতে হত্যা করা হয়। পরদিন সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২৭ জুন নিহত মুকুলের স্ত্রী শামীম আরা অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৩ অক্টোবর আদালতে নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
বিচার চলাকালে আবুল কালাম আজাদ নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান আবুবক্কার।
