হবিগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
বক্তব্যে এমপি আবু জাহির বলেন, “সাধারণ ছাত্ররা এমন জঘন্যতম কাজ করতে পারে না।”
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ, সদর আসনের এমপির বাসা, সরকারি স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে শহরের শিরিষতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এতে সভাপতিত্ব করেন।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।
এতে বক্তব্য দেন হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম।
পরে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু জাহির বলেন, “সাধারণ ছাত্ররা এমন জঘন্যতম কাজ করতে পারে না। ছাত্রদের আড়ালে জামায়াত শিবির ও বিএনপির সন্ত্রাসীরা এই নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে; হত্যাকাণ্ড সংগঠিত করেছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
