২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প: গাজীপুরে কারখানা থেকে নামতে হুড়োহুড়ি, আহত অনেকে

হঠাৎ অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে চিকিৎসাসেবা মিলছে না বলেও অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 12:48 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

গাজীপুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সে সময় বিভিন্ন কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এই ভূমিকম্পে ভবন ও বাড়িঘর কেঁপে উঠে।  ছুটির দিন হওয়ায় পোশাক কারখানা তেমন বেশি খোলা ছিল না।

তবে গাজীপুর চান্দনা চৌরাস্তা ও ইটাহাটা এলাকায় কয়েকটি পোশাক কারখানা খোলা ছিল সেগুলোর শ্রমিকেরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে পড়ে এবং অনেকে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে আহত হন।

ইটাখোলা এলাকার কোস্ট টু কোস্ট কারখানার সুয়িং সেশনের শ্রমিক নাজনীন বেগম বলেন, তাদের কারখানাটি দশতলা ভবনে, ভূমিকম্প টের পেয়ে সবাই একসঙ্গে সিড়ি ভেঙে নামার চেষ্টা করে। তখন অনেকেই পড়ে গিয়ে বা নানাভাবে আহত হয়েছেন।

সঠিক সংখ্যা বলতে না পারলেও তাদের ভবনের অন্তত ৩০ জন আহত হওয়ার কথা বলছেন এই পোশাক শ্রমিক।

এ ব্যাপারে কারখানাটির ব্যবস্থাপক আকরাম হোসেন বলেন, “উদ্ভূত পরিস্থিতি কারখানা শুক্রবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।”

তবে হঠাৎ অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে চিকিৎসাসেবা মিলছে না বলেও অভিযোগ উঠেছে।

এছাড়া টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও শ্রীপুর এলাকায় কারখানা শ্রমিকরা ভূমিকম্প আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসে বলে জানা গেছে।

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, গাজীপুরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। কিছু শ্রমিক হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পর্যেবক্ষণ করছে। সামগ্রিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে।