হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ভাঙল চিকিৎসকের টেবিলের কাচ
হাসপাতালটির সহকারী পরিচালক জানান, ১৯৬১ সালে নির্মিত ওই ভবনটি ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ।
জামালপুর জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে চিকিৎসকের টেবিলের কাচ ভেঙে গেছে।
রোববার দুপুর ১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের অর্থোপেডিক্স বিভাগের ৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে বলে ওই কক্ষের সহকারী সাইদুর রহমান জানান।
তিনি বলেন, রোগী দেখা শেষ করে চিকিৎসক আবু সাইদ, মাইনুদ্দিন আকন্দ ও জুনিয়র কনসালট্যান্ট মুর্শিদুল হক ওই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে।
এ সময় কক্ষটি পরিচ্ছন্নতার কাজ চলছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চিকিৎসক মুর্শিদুল হক জানান, তারা তিনজন চিকিৎসক রোগী দেখে ওই কক্ষ থেকে বের হয়ে অন্য কক্ষে যান। তখন খবর পান, তারা একটু আগে যে কক্ষটি ত্যাগ করেছেন সেটির ছাদের পলেস্তারা খসে টেবিলের কাচ ভেঙে গেছে।
হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান টেলিফোনে জানান, ১৯৬১ সালে নির্মিত ওই ভবনটি ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। বিকল্প উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই ওই ভবনে জনসাধারণের সেবা দিতে হচ্ছে।
