২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ঝগড়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচল স্বামী

সোলায়মানের শিশু সন্তানের সঙ্গে শরিফুলের শিশু সন্তানের ঝগড়ার জেরে শনিবার শরিফুল-শিউলীকে ঘুম থেকে ডেকে তুলেন চাচা সোলায়মান।

শিশুদের ঝগড়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা, পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচল স্বামী
মুক্তাগাছার বাঁশাটি ইউনিয়নের গোয়ারী উত্তর গ্রামে গৃহবধূকে হত্যার পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2024, 07:40 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় শিশু সন্তানদের ঝগড়ার জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচাশ্বশুরের বিরুদ্ধে। 

এ সময় পুকুরে ঝাঁপ দিয়ে চাচার হামলা থেকে নিজের প্রাণ বাঁচান নিহত নারীর স্বামী। 

শনিবার সকালে উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারী উত্তর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান মুক্তাগাছা থানার ওসি ফারুক আহমেদ। 

নিহত শিউলী আক্তার (৩০) ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। শরিফুল সিএনজিচালিত অটোরিকশার চালক। এ দম্পতির তিনটি মেয়ে আছে। 

শরীফুলের আপন চাচা সোলায়মান একই বাড়ির বাসিন্দা ও নেওয়াজ আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, শুক্রবার বিকালে সোলায়মানের শিশু সন্তানের সঙ্গে শরিফুলের শিশু সন্তানের ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে শনিবার সকালে শরিফুল ও তার স্ত্রী শিউলীকে ঘুম থেকে ডেকে তুলেন সোলায়মান। 

“পরে কথা কাটাকাটির এক পর্যায়ে সোলায়মান দা দিয়ে কুপিয়ে শিউলী আক্তারকে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই শিউলী আক্তার মারা যান। এ সময় শরিফুলকেও হত্যার উদ্দেশ্যে দা নিয়ে তাড়া করেন সোলায়মান। তবে শরিফুল দৌড়ে গিয়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন।” 

ওসি আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পলাতক সোলায়মানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।