২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে হত্যা: মামলার আসামি ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের মধ্যে ইসমাঈল ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 08:07 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে ফেনী পৌরসভার শাহীন একাডেমি এলাকা থেকে ইসমাঈল হোসেন অমি এবং এর আগের রাতে নোয়াখালীর সুধারাম থানার সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেকে জোবায়ের হোসেন হৃদয়কে গ্রেপ্তার করেন তারা।

২৪ বছর বয়সী ইসমাঈল ফেনী পৌরসভার শাহীন একাডেমি রোড এলাকার নিজাম উদ্দিনের ছেলে এবং ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।

আর ২০ বছর বয়সী জোবায়ের নোয়াখালী জেলার সুধারাম থানার পশ্চিম অশ্বদিয়া এলাকার নুরুল আমিন কালামের ছেলে। 

জোবায়েরকে ছাত্রলীগ নেতা বললেও তার পদবী প্রকাশ করেনি র‌্যাব।    

এদিকে ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

স্কোয়াড্রন লিডার সাদিকুল বলেন, “গত ৪ অগাস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। সেখানে নির্বিচারে গুলি ও হামলা করা হয়। এ সময় ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ২৫ ব্ছর বয়সী মাহবুবুল হাসান মাসুম নিহত হয়।

“ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৫০০ জনকে আসামি করে মামলা করেন।” 

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, “ওই মামলার এজহারনামীয় আসামি ইসমাঈল বাড়িতে অবস্থান করছে, গোপন তথ্যে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।”

স্কোয়াড্রন লিডার সাদিকুলব বলেছেন, “একই দিন ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গুলি ও হামলায় চট্টগ্রামের বারইয়ারহাট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাইদুল ইসলাম (২০) নিহত হয়।

“ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় ৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।” 

তিনি বলেন, “ওই মামলার সশস্ত্র পলাতক আসামি জোবায়ের। তাকেও গ্রেপ্তারের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।” 

তিস্তায় তরুণীর লাশ, হাতে মেহেদীতে লেখা 'আই লাভ ইউ'