১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কারখানার ছাদ থেকে ‘লাফ দিয়ে’ নারী শ্রমিকের মৃত্যু

তবে কী কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি বলে জানিয়েছেন ওসি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 02:24 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন একটি পোশাক কারখানার ১০ তলার ছাদ থেকে ‘লাফ দিয়ে’ এক নারী শ্রমিক মারা গেছেন। 

রোববার দুপুরে জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন। 

মারা যাওয়া নীলা খাতুন (৩০) সিরাজগঞ্জের কাজিপুর থানার মানিকদাইড় এলাকার লিটন মল্লিকের মেয়ে। তিনি জরুন এলাকায় বাসা ভাড়া থেকে ওই কারখানার ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন।

ছাদের খাবার ক্যান্টিনে থাকা প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “দুপুরে ওই নারী হঠাৎ ছাদের এক প্রান্তের দিকে দৌড় দেন এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই নীচে লাফ দেন। নিচে পড়ে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় সহকর্মীরা। 

“সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।”

ওসি আরও বলেন, তবে কী কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।