০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কেরু চিনিকলে আখ মাড়াই শুরু, উৎপাদনের লক্ষ্য ৪ হাজার টন

চুয়াডাঙ্গায় আখ মাড়াই উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 09:02 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

দেশের সবচেয়ে বড় চিনিকল চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানির চলতি মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে। এবার চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার টন।

শুক্রবার দোয়া মাহফিলের পর বিকাল ৫টায় চিনিকলের কেইন ক্যারিয়ারের ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

এ সময় তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকার বেশ কিছু চিনিকল বন্ধ করে দিয়েছিল। আমরা সেগুলো চালু করার উদ্যোগ নিয়েছি, চালুও করছি। তবে এগুলো শুধু সরকারি ভর্তুকি দিয়ে চালু রাখা সম্ভব না।

“এখানে বড় ধরনের বিনিয়োগ লাগবে। আমরা বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা করছি। বিনিয়োগ পেলেই সব মিল চালু করব। আর এতে চিনি শিল্প লাভের মুখ দেখবে।”

অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ অতিথিরা উপস্থিত ছিলেন।

চিনিকল কর্তৃপক্ষ জানায়, মূল্য বাড়ায় আখ চাষের পরিমাণ বেড়েছে। এ ছাড়া আখ চাষ বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার আখ চাষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৫-২৬ মাড়াই মৌসুমে ৭৬ হাজার টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬০ রিকভারি হারে চার হাজার ২৫৬ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।