১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ইজিবাইকের ৩ আরোহীর

এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 05:13 PM

Updated : 23 Sep 2026, 06:40 PM

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আটক ট্রাক চালক মোহাম্মদ শহীদ আলী সরমান (৩২) বরিশাল জেলার বিমানবন্দর থানার প্রয়াত শাহাদ আলী সরমানের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ইজিবাইকের তিন আরোহী নিহত হন।

এ সময় আহত অপর তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি আমিনুল ইসলাম বলেন, ট্রাক ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।