Published : 09 Jun 2026, 11:37 AM
নেত্রকোণা শহর থেকে মিয়ানমারের রোহিঙ্গা প্রদেশের এক নাগরিককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে ৯টার দিকে শহরের ছোটবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা সদর থানার ওসি মো. আল মামুন সরকার।
আটক মো. কারিম (৩০) মিয়ানমারের নাগরিক ও সৌদি আরব প্রবাসি। সর্বশেষ তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালীতে বসবাস করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানিয়েছে পুলিশ।
ওসি মামুন বলেন, রাতে সন্দেহজনকভাবে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে এবং তার ভাষা রোহিঙ্গাদের মত এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা হেফাজতে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, শনিবার রাতে ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে নেত্রকোণায় আসেন। তবে কী উদ্দেশ্যে তিনি জেলায় এসেছিলেন, সে বিষয় এখনও স্পষ্ট নয়।
“জিজ্ঞাসাবাদে একেকসময় একেকরকম কথা বলছেন তিনি। সব কিছুই মিলিয়ে দেখা হচ্ছে।”
বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তত্ত্বাবধান করছেন জানিয়ে ওসি বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।”