১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরের এক্সপ্রেসওয়েতে ‘ডাকাত সন্দেহে’ ৪ জনকে পিটুনি

“বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে তারা। এসময় লোকজন চলে এলে পালিয়ে যেতে পারেনি।”

মাদারীপুরের এক্সপ্রেসওয়েতে ‘ডাকাত সন্দেহে’ ৪ জনকে পিটুনি
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারজনকে পিটিয়েছে স্থানীয়রা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 04:08 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ‘ডাকাত সন্দেহে’ চার ব্যক্তিকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

রোববার ভোর ৪টা ২০ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি মো. রতন শেখ।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোল্লারহাটের কাচনা এলাকার মৃত সিরাজ মীরের ছেলে সোহরাব মীর (২৫), নুরু মীরের ছেলে মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ (২৮) এবং নগরকান্দি এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ (২৮)।

তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরের দিকে একটি অ্যাম্বুলেন্স থেকে চারজন ব্যক্তি পাঁচ্চর গোলচত্বরে নামেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নাম-পরিচয় জানতে চান। 

এ সময় চার আগন্তুকের কথাবার্তায় অসংলগ্নতা মনে হয় স্থানীয়দের। এক পর্যায়ে উত্তেজিত হয়ে চারজনের একজন হঠাৎ করেই ছুরি বের করে আঘাত করার চেষ্টা করে। 

এ সময় স্থানীয়রা চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে চারজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দিলে পুলিশ এসে আটক করে। 

স্থানীয় রাকিব নামে এক ব্যক্তি বলেন, “বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে তারা। এসময় লোকজন চলে এলে পালিয়ে যেতে পারেনি। তবে অ্যাম্বুলেন্সটি নিয়ে অন্যরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সে আরও ডাকাত সদস্য ছিল।”

শিবচর ওসি মো. রতন শেখ বলেন, “ভোরে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতদল ডাকাতি করতে আসছে সন্দেহে স্থানীয় জনসাধারণ গণপিটুনি দেয়। 

“খবর পেয়ে এসআই সালাউদ্দিন ও এসআই মিরাজসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে।”

আহত চারজনকে পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।