হাম: বরিশালে ‘গাদাগাদি’ অবস্থায় চলছে শিশুদের চিকিৎসা
“হামের টিকা ঠিকমত দেওয়া হয়নি। এ কারণেই সমস্যা হয়েছে।”
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়া, জ্বর ও অন্যান্য উপসর্গ রোগ নিয়ে ভর্তি হওয়া শিশুদের একটি কক্ষে গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকেরই হাম শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল মঙ্গলবার বিকালে বলেছেন, হামের প্রকোপ বাড়ার পর বরিশাল বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আর বিভাগের বাসিন্দা ঢাকায় মৃত্যু হয়েছে আরও ছয়জনের।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশু জিসানের মা ঝুমুর বেগম বলেন, ২০ মার্চ নিউমোনিয়া নিয়ে তার ছেলেকে ভর্তি করা হয়। চার দিন আগে তার হাম ধরা পড়ে।
তিনি বলেন, “চিকিৎসা ভালো হচ্ছে। আগের চেয়ে মোটামুটি সুস্থ হয়েছে।”
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া থেকে আসা সবুজ বলেন, তার সন্তান হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
“সব রোগের চেয়ে হাম রোগ খারাপ। চিকিৎসকরা চেষ্টা করছেন। তারা আগের চেয়ে সেবা ভালো দিচ্ছেন।”
বাবুগঞ্জের রহমতপুর থেকে আসা সাত মাস বয়সী রোগী ফাতেমাকে একটি প্লাস্টিকের কৌটায় দুটি অক্সিজেন সংযোগ দিয়ে চলছে চিকিৎসা সেবা। তার নানী জেসমিন বেগম বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত ফাতেমাকে ২১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ে।
“হাসপাতালে আনার পর চিকিৎসক জানিয়েছেন, হাম হওয়ার কারণে নিউমোনিয়া বেড়ে গেছে। তার অবস্থা মুমূর্ষু। হাম ভালো হলে নিউমোনিয়াও ভালো হবে।”
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) আবদুল মুনয়েম সাদ বলেন, মার্চ মাসে হাসপাতালে ৮৭ রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৩৪ রোগী চিকিৎসাধীন। ২৬ মার্চ এক শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, রোগের উপসর্গ থেকে শিশু বিশেষজ্ঞরা চিকিৎসা দিচ্ছেন।
হাম ছড়ানোর বিষয়ে মুখপাত্র বলেন, “স্বাস্থ্য বিভাগের ২৯টি পরিকল্পনা রয়েছে। উন্নয়ন খাতের টাকা ২৯টি খাতে ব্যয় হয়। ২০২৪ সালের ৫ অগাস্টের আগে অর্থ শেষ হওয়ার পরিস্থিতি ছিলো। গত অন্তর্বর্তীকালীন সরকার কোনো পরিকল্পনা ছাড়াই বন্ধ করে দিয়েছে।
“যে প্রজেক্টের মাধ্যমে (এমএইচসি) টিকা ক্রয়, পরিবহন এবং টিকা দেওয়ার খরচ সংকট হয়। এ কারণে টিকা দেওয়া ক্ষতি হয়েছে। সর্বশেষ ক্যাম্পেইন অনেক আগে হয়েছে। হামের টিকা ঠিকমত দেওয়া হয়নি। এ কারণেই সমস্যা হয়েছে।”
চিকিৎসক সাদ বলেন, “বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আমরা চেষ্টা করছি। আমাদের সীমিত সামর্থের মধ্যে সর্বোচ্চ দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, হামে আক্রান্ত হয়ে ২৬ মার্চ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা গেছে আরেকটি শিশু। বিভাগের বাসিন্দা হলেও ঢাকার মিটফোর্ট হাসপাতালে একজন ও মহাখালী সংক্রমণ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, “সম্ভাব্য রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। পরীক্ষায় হাম পজেটিভ হয়েছে ৫২ জন এবং রুবেলা পজেটিভ হয়েছেন তিনজন। বরিশাল বিভাগের প্রতিটি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি।”
স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৭ শিশু চিকিৎসাধীন। উপসর্গ নিয়ে বরগুনা জেলা হাসপাতালে ভর্তি হয় ৮০ জন। তাদের মধ্যে ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে হাম পজেটিভ হয়েছে ২২ জন ও রুবেলা পজিটিভ একজন। এখানো হাসপাতালে চিকিৎসাধীন আটজন।
পটুয়াখালী জেলায় ভর্তি হয় ৩১ জন, হামের নমুনা পরীক্ষা করানো হয় ১৪ জনের, পজেটিভ দুজন।
বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৯ জন। নমুনা পরীক্ষা হয় ২১ জনের, হাম পজেটিভ হয়েছে আটজন, রুবেলা পজিটিভ একজন। চিকিৎসাধীন ছয়জন, মুমুর্ষু অবস্থায় আছে একজন।
বরিশাল নগরীতে উপসর্গ নিয়ে ভর্তি হয় ১৬ জন, নমুনা পরীক্ষা হয় ১৩ জনের, পজেটিভ হয়েছে সাতজন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন, মুমুর্ষু ছয়জন।
ভোলায় ভর্তি হয়েছে ১৮ জন, পরীক্ষা করিয়েছে ১৬ জন। পজেটিভ পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন একজন।
ঝালকাঠিতে উপসর্গ নিয়ে ভর্তি হয় ১৫ জন, পরীক্ষা করিয়েছে ১০ জন, পজেটিভ হয়েছেন ছয়জন, চিকিৎসাধীন চার শিশু।
পিরোজপুর জেলায় ভর্তি হয় ১৬ শিশু, পরীক্ষা হয় ১২ শিশুর, পজেটিভ হয় এক শিশু, চিকিৎসাধীন ছয়জন।
