১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অন্যদের অনুপ্রেরণা’ হতে চান চাঁদপুরের একমাত্র নারী প্রার্থী নাসিমা

চাঁদপুর-২ (মতলব উত্তর, মতলব দক্ষিণ) সংসদীয় আসন থেকে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছেন তিনি।

‘অন্যদের অনুপ্রেরণা’ হতে চান চাঁদপুরের একমাত্র নারী প্রার্থী নাসিমা
নাসিমা নাজনিন সরকার।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 12:52 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভোটের মাঠে একমাত্র নারী প্রার্থী হিসেবে নজর কেড়েছেন বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী নাসিমা নাজনিন সরকার।

তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর, মতলব দক্ষিণ) সংসদীয় আসন থেকে ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচনি লড়াইয়ে অংশ নিয়েছেন। ‘পুরুষপ্রধান’ রাজনীতির মাঠে একমাত্র নারী প্রার্থী হওয়ায় ভোটারদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও আলোচনা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন।

নাসিমা নাজনিন সরকার বলেন, “রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।” 

তিনি বলেন, “শ্রমজীবী মানুষ, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।

“আমি প্রতীক নয়, মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি হতে চাই। চাঁদপুরের প্রতিটি আসনে নারী প্রার্থী না থাকাটা আমাদের জন্য একটি বড় বাস্তবতা। আমি চাই, আমার অংশগ্রহণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার অনুপ্রেরণা হয়ে থাকুক।”

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ধানের শীষ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির বিল্লাল হোসেন মিয়াজি ছাতা, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানছুর আহমেদ সাকি হাতপাখা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন্নুর আখন রাসেল হাতি, গণঅধিকার পরিষদের গোলাফ হোসেন ট্রাক, নাগরিক ঐক্যের এনামুল হক কেটলি নিয়ে লড়ছেন। 

অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন এখনও আইনি জটিলতায় থাকায় তার প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, “এই আসনে শুরুতে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং প্রাথমিকভাবে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল।

পরবর্তীতে আপিল প্রক্রিয়ায় পাঁচজন প্রার্থীর মনোনয়ন ফেরত আসে। এরপর তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চাঁদপুর-২ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী হিসেবে নাসিমা নাজনিন সরকারই ভোটের মাঠে রয়েছেন।