২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হাসপাতালে বন্যার পানি, রোগীদের ছাড়পত্র দিয়ে বিদায়

“হাসপাতালের আবাসিক কোয়ার্টারগুলোতে পানি প্রবেশ করায় চিকিৎসকরাও পানিবন্দি হয়ে পড়েছেন।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 05:25 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা। এরই মধ্যে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

পানি ঢুকেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ মানুষের বাসাবাড়িতে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির কারণে সমগ্র উপজেলায় বন্যা সৃষ্টি হয়েছে। গত তিনদিনে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।” 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে পৌরসভাসহ চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে অর্ধলক্ষাধিক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। কাঁকড়ি নদীতে মাটি কাটায় পাড় ধসের শঙ্কাও রয়েছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতালে পানি প্রবেশ করায় জরুরি ও বর্হিবিভাগে কোন চিকিৎসক নেই। হাসপাতালে ভর্তি রোগীদের ছাড়পত্র দিয়ে বিদায় করা হচ্ছে।

হাসপাতাল আঙিনায় কোথাও বুক সমান, আবার কোথাও হাঁটু সমান পানি থাকায় অনেকেই আটকা পড়েছেন ভবনে। অবশ্য বিকল্প ব্যবস্থায় কাউকে কাউকে বাড়িতে ফিরতে দেখা গেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে বুক সমান পানি প্রবেশ করেছে। যার কারণে জরুরি ও বর্হিবিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ রাখা হয়েছে।

“হাসপাতালের আবাসিক কোয়ার্টারগুলোতে পানি প্রবেশ করায় চিকিৎসকরাও পানিবন্দি হয়ে পড়েছেন। ফলে ভর্তি থাকা সব রোগীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।”

উপজেলা পরিষদে পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে নাগরিক সেবা। বন্যার পানিতে ভেসে গেছে পুকুর, ডোবাসহ বহু মাছের প্রজেক্ট। এতে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন মৎস্য ব্যবসায়ীরা।

পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়কগুলো। এতে স্থানীয় বহু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানির স্রোতে ভেসে গেছে পোল্ট্রি ফার্মের বহু মোরগ।

চৌদ্দগ্রাম পৌর এলাকার রিমি পোল্ট্রি ফার্মের মালিক মিজানুর রহমান টিটু বলেন, “বন্যার পানি আমার দুইটি পোল্ট্রি ফার্মে ঢুকে পড়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের লেয়ার মুরগি মারা গেছে। ভেসে গেছে বহু মুরগি। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব, বঝে উঠতে পারছি না।”

মো. খোরশেদ আলম নামে একটি মৎস্য খামারের মালিক বলেন, “বন্যার পানিতে আমার দুইটি দিঘি ও তিনটি পুকুর ভেসে আনুমানিক ৫০ লাখ টাকার মাছ ভেসে গেছে। কয়েকদিনের বৃষ্টি ও ভারতের পানিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কল্পনাও করতে পারছি না।

“উপজেলায় আমার মতো আরও অনেত মাছ ব্যবসায়ীর মাছ পানির স্রোতে ভেসে গেছে। অনেকে নিঃস্ব হয়েছেন।”

উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, বন্যার পানিতে তার ইউনিয়নের সব গ্রাম প্লাবিত হওয়ায় মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। র্বষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদের সচিবদের সঙ্গে কথা বলে বন্যায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিচ্ছি। হিসাব পেলে পানিবন্দিদের সহায়তার ব্যবস্থা করা হবে।