২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বহিরাগত’ বিতর্কে যা বললেন খুলনা-৬ আসনের বিএনপি প্রার্থী

মনোনয়ন ঘোষণার পর থেকে মনিরুল হাসান বাপ্পীকে তার প্রতিপক্ষের লোকজন ‘বাহিরাগত’ বলে প্রচার চালাচ্ছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 08:00 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

কয়রা ও পাইকগাছার মানুষের জন্য ‘উন্নয়নের রাজনীতি’ করতে চান বলে মন্তব্য করেছেন খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী।

খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব বাপ্পী শুক্রবার বেলা ১১টায় কয়রায় নির্বাচনি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এই কথা বলেন।

বাপ্পী কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে প্রার্থী হলেও তিনি মূলত রূপসা উপজেলার মানুষ। রূপসার উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি।

ফলে মনোনয়ন ঘোষণার পর থেকে বাপ্পীকে তার প্রতিপক্ষের লোকজন ‘বাহিরাগত’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন।

তার উত্তরে মনিরুল হাসান বাপ্পী সাংবাদিকদের বলেন, “অনেকে বলছেন, ধানের শীষের প্রার্থীর বাড়ি রূপসায়, কয়রায় নয়। হ্যাঁ, আমার বাড়ি রূপসায় ঠিকই, কিন্তু বসবাস করি খুলনা শহরে। ঠিক যেমন এখানকার জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদও থাকেন খুলনা শহরে।

“জামায়াতের প্রার্থীর শিকড় দেশের বাইরের কি না, সেটা নিয়ে কিছু বলতে চাই না। আমি খুলনা জেলার ছেলে। তাই কয়রা-পাইকগাছার উন্নয়নে কাজ করতে আমার কোনো বাধা নেই।”

বিএনপি নেতা বলেন, “আমি টানা ১৪ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। রূপসায় আমার ইউনিয়নে গিয়ে জেনে আসুন, আমি কী কী উন্নয়ন করেছি। উন্নয়ন কীভাবে করতে হয়, কাজ কীভাবে আনতে হয় সেটা আমি জানি। শুধু একবার সুযোগ দিন, দ্বিতীয়বার ভোট চাইতে আসব না। যদি মনে করেন আমি যোগ্য, তখন আপনারাই আমাকে ডেকে নেবেন “

ধানের শীষের প্রার্থী বলেন, “খুলনা শহরের অনেক প্রভাবশালী এখানে এসে হাজার হাজার বিঘা জমি দখল করে চিংড়ি ঘের করেছেন। আমি স্পষ্ট বলতে চাই- জমি যার, ঘের তার। জোর করে জমি দখল করে ঘের করা চলবে না।”

কয়রা উপজেলার সাতটি ও পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন এবং পাইকগাছা পৌরসভা নিয়ে গঠিত এ আসন।

স্বাধীনতার পর আওয়ামী লীগের অ্যাডভোকেট স ম বাবর আলী এ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালে বিএনপির অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী, ১৯৮৬ সালে জাতীয় পার্টির অ্যাডভোকেট মোমিন উদ্দীন আহমেদ, ১৯৮৮ সালে সরদার জহুরুল হক, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর অধ্যক্ষ শাহ্ মুহাম্মাদ রুহুল কুদ্দুস, ১৯৯৬ সালে (জুনে) আওয়ামী লীগের অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে চার দলীয় জোট প্রার্থী হিসেবে জামায়াত নেতা অধ্যক্ষ শাহ্ মুহাম্মাদ রুহুল কুদ্দুস ফের বিজয়ী হন। ২০০৮ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের অ্যাডভোকেট সোহরাব আলী সানা। ২০১৪ সালে আওয়ামী লীগের অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক, ২০১৮ সালে আওয়ামী লীগ আক্তারুজ্জামান বাবু এবং সবশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হন।