Published : 17 Jul 2026, 09:12 PM
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তবে বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
ওই দিন সকালে ইউএনও রাফে মোহাম্মদ ছড়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে কিছু পোস্ট ছড়িয়ে পড়ে।
ওই পোস্টগুলোতে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী হাকিম হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন।
এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও রাফে মোহাম্মদ ছড়া। তিনি বলেন, ওই সময় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করলেও সেদিন রাতে কোনো গুলির ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বিষয়টির সাক্ষী হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন।
তার দাবি, অবৈধ বালু সিন্ডিকেটের সঙ্গে জড়িত একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্র করছে।