২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে অবস্থান ধর্মঘট

যে কোনো পরিস্থিতি সামাল দিতে জেলা পরিষদ এবং পরিষদের চেয়ারম্যান বাসভবনের এলাকায় অবস্থান নিয়েছে সেনা সদস্যরা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 03:20 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

বান্দরবান জেলা পরিষদ ভেঙে অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে পরিষদের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে। 

সোমবার সকাল ৮টা থেকে ‘বান্দরবান সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ও দুর্নীতিবাজ সদস্যদের অপসারণের দাবি জানিয়ে এই অবস্থান ধর্মঘট শুরু হয়। 

পরে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা এসে তাদের বিক্ষোভের মুখে কার্যালয়ে প্রবেশ করতে না পেরে সেখান থেকে চলে যায়। জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন বাংলোর প্রধান ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে জেলা পরিষদ এবং পরিষদের চেয়ারম্যান বাসভবনের এলাকায় অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। 

স্থানীয়রা বলছেন, ‘বান্দরবান সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে এই কর্মসূচি হলেও অংশগ্রহণকারীরা অধিকাংশই ‘পার্বত্য নাগরিক পরিষদের’ নেতাকর্মী।

এদিকে অবস্থান ধর্মঘট চলাকালে বিক্ষোভরতদের বাধার মুখে পড়েন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাল। 

নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মোহাম্মদ মজিবুর রহমান মুখ্য নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করে বলেন, “আমাদের কাছে ম্যাসেজ আছে- এখনও জেলা পরিষদের চেয়ারম্যান ও তার সদস্যদের কাছে চেক, ফাইল আছে। তারা সেখানে সই-স্বাক্ষর করছেন। 

“একজনের জমি আরেকজনের কাছে লিখে দিচ্ছে। বিভিন্নভাবে জায়েজ করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু চেকে সইও হয়েছে। বিভিন্ন প্রকল্পের খাদ্য-শস্য নিয়েও লুটপাট চলছে। পরিষদে চেকে সই করা, সিদ্ধান্ত নেওয়ার সবকিছু তো পরিষদের চেয়ারম্যান। তারও কর্তৃপক্ষ আছে। তারা আমাদের সাথে কথা বলুক।”

তিনি আরও বলেন, “আমাদের কর্মসূচি হচ্ছে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা। এটা পনের দিন লাগতে পারে। এক মাসও লাগতে পারে ততদিন পর্যন্ত আমরা অবস্থান করব। পরিষদের সদস্যরা এখানে অফিস করতে আসবে না। ফাইল চেয়ারম্যানের কাছেও যাবে না।”

পরে মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, তাদের দাবি-দাওয়ার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে অবহিত করা হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে জেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপার ও সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডারকেও জানানো হয়েছে। 

তিনি নতুন যোগদান করেছেন, দাপ্তরিক বিষয়ে অবহিত হলেও এর আশপাশে পরিস্থিতি বিষয়ে পুরোপুরি অবহিত নন জানিয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ''তারপরও যতটু শুনেছি ততটুকু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বিষয়টি সম্পর্কে উনি জেনেছেন। 

“তিনি বলেছেন- জেলা পরিষদ কখনও স্থবির থাকবে না। এটাকে ফাংশনাল করার জন্য পরিকল্পনা রয়েছে। উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে আইনগত এবং যৌক্তিক সিদ্ধান্ত হয়ত দেবেন।”

এসব বিষয়ে জানতে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লার মোবাইলে একাধিকবার কল করা তা বন্ধ পাওয়া যায়। 

জেলা পরিষদের দু’জন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন,  সরকার পতনের পরদিন থেকে অফিসে আসেননি চেয়ারম্যান, তার সঙ্গে কোনো যোগাযোগ করাও সম্ভব হয়নি। 

তিন পার্বত্য জেলা পরিষদে স্থানীয় বাঙ্গালি-পাহাড়ি মিলে একজন চেয়ারম্যান ও ১৪জন করে সদস্য রয়েছে। তবে পার্বত্য চুক্তি অনুযায়ী চেয়ারম্যান পদে উপজাতি থেকে নিয়োগ পাওয়ার বিধান রয়েছে। 

জেলা পরিষদ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নির্বাচন করার কথা থাকলেও কোনো সরকারের আমলেই তা করা হয়নি।

এদিকে নাগরিক পরিষদ মূলত তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে কাজ করা সংগঠন। এর আগে সংগঠনটি বিভিন্ন নামে থাকলেও ২০১৯ সালের ১৩ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য নাগরিক পরিষদ নামে আত্মপ্রকাশ করে।

বর্তমান কেন্দ্রীয় কমিটির দায়িত্বে রয়েছেন বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মুজিবুর রহমান।

পার্বত্য নাগরিক পরিষদের অঙ্গসংগঠন হিসেবে আরও দুটি সংগঠন রয়েছে। সেগুলো হল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ।