২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় চোরাই পথে আনা কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

জব্দ করা ৫১ ড্রাম রেণু পোনা রাজশাহীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা বিজিবির।

কুমিল্লায় চোরাই পথে আনা কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা ৫১ ড্রাম চিংড়ি রেণু জব্দ করেছে বিজিবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 02:06 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচারের সময় কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে কোটি টাকার চিংড়ি মাছের রেণু পোনা জব্দ করেছে বিজিবি। 

মঙ্গলবার বিকালে উপজেলার কটক বাজার এলাকা থেকে ৫১টি প্লাস্টিকের ড্রাম ভর্তি এসব পোনা জব্দ করা হয় বলে জানান বিজিবি ১০ কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তবে ঘটনার সময় পাচারকারীরা ড্রামগুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

রাতে বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্লাস্টিকের ড্রাম ভর্তি করে অক্সিজেন দিয়ে সংরক্ষণ করা চিংড়ির পোনাগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করা হয়েছে। পাচারকারীরা এসব রেণু পোনা কুমিল্লা সীমান্ত দিয়ে রাজশাহী অঞ্চলের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, গোপন খবর পেয়ে কটক বাজার বিওপি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এসব রেণু পোনা জব্দ করা হয়।

পাচারকারীরা ভারত থেকে ৫১টি প্লাস্টিকের ড্রাম ভর্তি করে এসব পোনা গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পোনা ফেলে পালিয়ে যায়। জব্দ করা রেণু পোনার আনুমানিক মূল্য এক কোটি ২০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল এজাজ বলেন, রেণু পোনাগুলো সঠিকভাবে সংরক্ষণ না করলে মরে যেতে পারে। পরে দ্রুত এসব পোনা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।