২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জাপার সাবেক এমপি নুরুল ও ছেলের বিরুদ্ধে হত্যা মামলা

মোবাইল চুরির অপবাদে রবিন প্রামাণিককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন তার মা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 10:06 PM

Updated : 26 Aug 2026, 10:43 AM

বগুড়া-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার ও তার ছেলের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা হয়েছে।

মোবাইল চুরির অপবাদে রবিন প্রামাণিককে (১৭) পিটিয়ে হত্যার অভিযোগে তার মা রওশন বিবি সোমবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন বলে জানান আদালত পরিদর্শক মোসাদ্দেক আলী।

তিনি বলেন, মামলাটি নথিভুক্ত করতে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় নুরুল ইসলাম ছাড়াও তার ছেলে মারুফ ইসলাম প্রিন্স, দুপচাঁচিয়া থানার সাবেক এএসআই শাফায়েতসহ ১০ জনকে আসামি করা হয়েছে।

রবিন প্রামাণিক দুপচাঁচিয়া উপজেলার জয়পুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় ডিমশহর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা চালাত।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৩ সালের ১৫ অগাস্ট মারুফ ইসলাম প্রিন্স অন্যান্য আসামিদের সহযোগিতায় রবিনকে দুপচাঁচিয়া উপজেলায় একটি ভাড়া বাসায় ডেকে নেন। তাকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করেন। মা রওশন বিবি ও অন্যরা মুমূর্ষু অবস্থায় রবিনকে উদ্ধার করে দুপচাঁচিয়া থানায় নিয়ে যান। থানার এএসআই শাফায়েত তাদের অভিযোগ আমলে না নিয়ে উল্টো বাদীকে একটি কক্ষে আটকিয়ে রাখেন। 

পরে তারা রবিনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দারিদ্র্যের কারণে চিকিৎসা করাতে না পারলে হাসপাতাল থেকে রবিনকে রিলিজ দেওয়া হয়। বাড়িতে আবারো অসুস্থ হয়ে পড়লে সে ২৩ অগাস্ট মারা যান।

মঙ্গলবার বিকালে নিহত রবিন প্রামাণিকের বাবা আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, মামলার ব্যাপারে তার কিছু জানা নেই। এক ভাতিজা এ মামলা করতে তাদের সহযোগিতা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কোনো কাগজ তিনি পাননি। আদালতের নথি পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।