২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে উত্তরের পথে গাড়ির চাপ বাড়ছে, যানজট নেই

বৃহস্পতিবার থেকে গাজীপুরের পোশাক কারখানায় ছুটি শুরু হবে। শুক্র ও শনিবারও ছুটি হবে কারখানায়-কারখানায়।

গাজীপুরে উত্তরের পথে গাড়ির চাপ বাড়ছে, যানজট নেই
গাজীপুর মহানগরে গাড়ির চাপ বাড়লেও সড়ক প্রায় স্বাভাবিক রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 06:30 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ করতে গাজীপুর ছাড়তে শুরু করেছে মানুষ। 

বুধবার সকাল থেকে গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট সৃষ্টি হয়নি। স্বস্তিতেই গাড়িতে উঠতে পারছেন ঘরমুখো মানুষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি এ কে এম জহিরুল ইসলাম বলেন, গাজীপুরে দুই হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা আছে। এর মধ্যে এক হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করেন লাখ লাখ কর্মী। 

বৃহস্পতিবার থেকে গাজীপুরের পোশাক কারখানায় ছুটি শুরু হবে। শুক্র ও শনিবারও ছুটি হবে কারখানায়-কারখানায়। তবে কিছু কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হয়েছে। তাই যানজট থেকে রেহাই পেথে তাই আগেভাগেই বাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষ। 

রাজধানীর প্রবেশমুখ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রী ও যানবাহনের ভিড় শুরু হয়েছে। অনেককেই কাউন্টারে টিকেট কেটে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

গাজীপুরের সফিপুর বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, “ঈদের আগে যানবাহনে ভিড় শুরুর আগেই স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়ি নওগাঁর ধামুরহাট এলাকায় পাঠানোর জন্য চন্দ্রায় বাসে তুলে দিলাম। এরই মধ্যে ঈদের ঘরমুখো মানুষদের ভিড় জমে গেছে চন্দ্র ত্রিমোড় এলাকায়।” 

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় কাঁচা বাজার ব্যবসায়ী মো. আবুল বাশার জানান, তিনি চাঁন রাতে গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জের যাবেন। এরই মধ্যে গাজীপুর চৌরাস্তায় যানবাহনের চাপ বেড়ে গেছে। ভিড় এড়াতেই দুপুরে স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন।