ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ সামগ্রী পেল ৫০০ পরিবার
মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ অসহায় দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক শাহাদৎ হোসেনে সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
এ সময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। সামর্থ্যবান ব্যক্তিরা যারা আছেন তারা এগিয়ে আসলে আরো ব্যাপকভাবে অসহায় মানুষ উপকৃত হবেন। এতে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাউল পাঁচ কেজি, আটা এক কেজি, তেল এক লিটার, পোলার চাউল, মুসুর ডাল, লবণ, নুডুলস, চিনি, সেমাই, ট্যাংসহ ১০ ধরনের খাদ্য সামগ্রী।
আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটু তার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে ২০১০ সাল থেকে অসহায়, দরিদ্র মানুষকে সহায়তা করছেন।
প্রতিবছর ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা ছাড়াও সেলাই মেশিন, শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করছে এই ফাউন্ডেশন।
