২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট নিয়ে নানা ‘ষড়যন্ত্র’ হচ্ছে: খন্দকার মোশাররফ

দাউদকান্দি উপজেলায় প্রাক-নির্বাচনি গণমিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। তারা এখন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। কিন্তু সেই ভোট নিয়ে নানামুখী ‘ষড়যন্ত্র’ চলছে। এগুলো পাত্তা দেবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করতে হবে।” 

রোববার বিকালে দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাক-নির্বাচনি গণমিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। 

আগামী নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত এ প্রার্থী বলেন, “জনগণ প্রত্যাশা করছে, নিজের হাতে ভোট দিয়ে জনপ্রতিনিধিত্ব নির্বাচন করার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার হবে জনগণের সরকার, যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি হবেন জনগণের সংসদ সদস্য।” 

পিআর এর মাধ্যমে যারা সংসদ সদস্য হবেন তারা দলের সংসদ সদস্য হবেন, জনগণের সংসদ সদস্য হবেন না- মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, “পিআর এর মত নানা উসিলা ধরে নির্বাচন বানচাল ও বিলম্বিত করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। সবার জন্য ভোট দিতে পারেন সেভাবে প্রস্তুত হোন এবং সেভাবে দলকে সংঘটিত করুন।” 

তিনি বলেন, “এরই মধ্যে সরকার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার জন্য ঘোষণা করেছেন। এটা কিন্তু আমাদেরও দাবি ছিল এবং বিএনপি সেটাকে সমর্থন করে।” 

শহীদ রিফাত পার্ক এলাকা থেকে গণমিছিল শুরু হয়ে পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড ঈদগাঁ মাঠে গিয়ে সমবেত হয়। পুরো পথজুড়ে ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সওগাদ চৌধুরী পিটার। 

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সদস্যসচিব কাউসার আলম সরকার।