বিএনপির নামে চাঁদাবাজি করলে হাত ভেঙে দেওয়া হবে: দুলু
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নাটোরে বিএনপির সমাবেশ।
বিএনপির নামে কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাটোরকে ‘সন্ত্রাসমুক্ত’ ঘোষণা করে দুলু বলেন, “কোনো অন্যায়, অবিচারের কাছে কেউ মাথা নত করবে না। আমি মন্ত্রী থাকাকালীন, যেভাবে নাটোরের মানুষ চলাফেরা করেছে, কাউকে চাঁদা দিতে হয় নাই।
“যদি কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে চায়, আমাকে অভিযোগ করবেন। কথা দিলাম, সন্ত্রাসীদের দাঁত, হাত ভেঙে দিব ইনশাআল্লাহ। ফুটপাতের ব্যবসায়ী থেকে গাড়ি চালক কাউকে চাঁদা দিতে হবে না।”
অতীতে টেম্পোর চাঁদা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল বলে অভিযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোরকে শান্তি ও উন্নয়নের নগরের পাশাপাশি একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা।
সমাবেশে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিনসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
