২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

শাহাজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 03:23 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীর সোমবার সন্ধ্যায় স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

এতদিন গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ এছাক মিয়া ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই বিভাগের অধ্যাপক সাইফুল তার স্থলাভিষিক্ত হলেন।  

আদেশে বলা হয়েছে, তার যোগদানের তারিখ থেকে এটি কার্যকর হবে এবং তিনি বিধিমোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি পাবেন। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী বলেন, “কর্তৃপক্ষের আদেশক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।”

অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ছাত্রদের কল্যাণে কাজ করতে পারার সুযোগ তৈরি হওয়ায় খুবই ভালো লাগছে। ছাত্রদের জন্য বিধি মোতাবেক আমার পক্ষে যা কিছু করা সম্ভব আমি সবকিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”