১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাদাপাথরে ‘হরিলুট’ হয়েছে, কেউ ছাড় পাবে না: জনপ্রশাসন সচিব

“২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদাপাথর এলাকা।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

সাদাপাথরে লুট নয়, ‘হরিলুট’ হয়েছে মন্তব্য করে এ ঘটনায় দল কিংবা প্রশাসনের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান।

শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, “সাদাপাথরে শুধু লুট নয়, হয়েছে হরিলুট। এ ঘটনায় যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন, কেউই ছাড় পাবে না। কাউকেই আইনের বাইরে রাখা হবে না।” 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেন, “সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদাপাথর এলাকা।” 

সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় গত ২০ অগাস্ট পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রী পরিষদ বিভাগ। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বলা হয়- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট ও রেলওয়ে বাংকার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও পর্যটন স্থানের নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় সরকার।

অফিস আদেশে আরও বলা হয়, প্রকাশিত সংবাদের বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে।

তারই অংশ হিসেবে শুক্রবার সকালে মাঠপর্যায়ে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শনে যায় মন্ত্রী পরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। যার নেতৃত্বে রয়েছেন জনপ্রশাসন সচিব। 

তিনি সাদাপাথর ঘুরে দেখেন। সেখানকার স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুন:

দুদকের অনুসন্ধান: পাথর লুটে রাজনীতির পেশী, 'ভাগ পেত' প্রশাসন

দুদকের অনুসন্ধান: পাথর লুটে 'সব দল', ৪২ জনের তালিকা

সাদাপাথর: বাসা-বাড়ি-মিল থেকে আরও আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটে পাথর লুটের মামলায় গ্রেপ্তার ৫

পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জে মামলা

সাদাপাথর: মিল-উঠান-রান্নাঘরেও লুটের পাথর, মাটি খুঁড়ে উদ্ধার

'সাদাপাথর লুট': 'এখন পাথর ফেলে কী হবে, প্রশাসন আগে কই ছিল'

'সাদাপাথর': লুটের পাথর মাটি দিয়ে ঢাকছেন ব্যবসায়ীরা

লুট হওয়া ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ফেলা হয়েছে 'সাদাপাথরে'

লুটের পাথর এক সপ্তাহের মধ্যে উদ্ধারের নির্দেশ