কোটা আন্দোলন: নরসিংদীতে দুজন নিহত
নিহত তাহমিদ ভুইয়া সামিন (১৫) এমকেএন হাইস্কুল অ্যান্ড হোমের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের সময় নরসিংদী শহরে এক স্কুলছাত্র ও এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর-জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এমকেএন হাইস্কুল অ্যান্ড হোমের নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভুইয়া সামিন (১৫) এবং পলাশ উপজেলার দড়িপাড়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে ইমন (২২)।
তাহমিদের বাড়ি শহরের চিনিশপুর নন্দীপাড়া এলাকায়। বাবার নাম রফিকুল ইসলাম।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, “বেলা ৪টার দিকে তাহমিদ সামিনের মরদেহ নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় মাল্টিপল পিলেট ইনজুরি ছিল।
“তাকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসে অন্তত শদুয়েক মানুষ। তারাই আবার মরদেহ নিয়ে চলে গেছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শহরের বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করতে জেলখানা মোড়ের দিকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিজিবি সড়ক অবরোধে বাধা দেওয়ার চেষ্টা করে।
তখন আন্দোলনকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়ে।
আহতদের অনেককে নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে নরসিংদী সদর হাসপাতালে আনার পর ইমনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাশার।
