গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
বিরোধপূর্ণ জমির ধান কাটা দিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় বলে জানায় পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন।
বুধবার দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের এ ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
নিহত আব্দুল মজিদ (৬৫) ওই গ্রামের প্রয়াত কছির উদ্দীন আকন্দের ছেলে।
আহতদের মধ্যে তাজেল আকন্দ (৫০) এবং আমিরুল ইসলামকে (৪৮) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাকি দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানান, করতোয়া নদীর চরের এক বিঘা জমি নিয়ে আব্দুল মজিদের সঙ্গে একই গ্রামের আমিরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমির ধান কাটা দিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মজিদসহ উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি বুলবুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে অবস্থান করছেন।
এ ছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি বুলবুল।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
