২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ঘরে প্রবাস ফেরত নারীর অগ্নিদগ্ধ লাশ, স্বামী নিখোঁজ

হেলেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2025, 04:58 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

রাজশাহী নগরে ভাড়া বাড়ি থেকে প্রবাস ফেরত এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

শনিবার সকালে নগরের চন্দ্রিমা থানার নামো ভদ্রা এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান।

নিহত হেলেনা আক্তারের (৩৫) স্বামীর নাম আলমগীর হোসেন রয়েল। প্রথম পক্ষের সঙ্গে ছাড়াছাড়ির পর আলমগীরকে বিয়ে করেছিলেন হেলেনা।

হেলেনার মা ও ভাই বলেন, হেলেনাকে বিয়ের পর তার সঙ্গে আলমগীরের তেমন চলাফেরা ছিল না। হেলেনা দুবছর আগে সৌদী আরবে ছিলেন। সেখানে তিনি গৃহকর্মী হিসেবে চাকরি করেছেন। 

তাদের দাবি, শুক্রবার রাতের কোনও এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে আলমগীর নিখোঁজ আছেন।

ওসি মতিয়ার রহমান বলেন, সকাল ৯টার দিকে এক ব্যক্তি থানায় ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি বলেন, “ঘরে তেমন আসবাবপত্র নেই। মেঝেতেই ঘুমাতেন ওই নারী। আগুনে পুরো শরীর ঝলসে গেছে। পাশে শুধু একটা মশারিতে পোড়া চিহ্ন দেখা গেছে।”

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, “হেলেনার আগের ঘরে একজন ছেলে আছে। সে মাদ্রাসায় আবাসিক থাকে। দ্বিতীয় বিয়ের পর আলমগীরকে নিয়ে হেলেনা ভাড়া ঘরে থাকতেন। যে ঘরে তারা থাকতেন তার পাশের ঘরে এক প্রতিবন্ধী নারী থাকেন।” 

ওই প্রতিবন্ধী নারীর বরাতে সাবিনা ইয়াসমিন বলেন, “আগুন লাগলে হেলেনার চিৎকার করার কথা। এ রকম কোনো চিৎকার তিনি শোনেননি। তবে হেলেনার মা ও ভাইয়ের দাবি, হেলেনাকে হত্যা করা হয়েছে।

“হেলেনার স্বামীকে খুঁজছে পুলিশ। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনি পালিয়েছেন।”

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।