২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদ আতঙ্কে থাকা পাহাড়িয়াদের নিরাপত্তা দাবি নাগরিক সমাজের

উচ্ছেদের সঙ্গে জড়িত সাজ্জাদ আলীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিও জানায় তারা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 07:41 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় বসবাসরত পাহাড়িয়া জাতিগোষ্ঠীর ১৩টি পরিবারকে উচ্ছেদের কার্যক্রম বন্ধ, তাদের স্থায়ীভাবে পুনর্বাসন করে নিরাপত্তার দেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।  

রোববার সকালে আদিবাসী পাহাড়িয়া গ্রাম পরিদর্শন করেন নাগরিক সমাজের প্রতিনিধিদল উচ্ছেদের সঙ্গে জড়িত সাজ্জাদ আলীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিও জানায়। 

পরিদর্শনকালে প্রতিনিধিদল পাহাড়িয়া জনগোষ্ঠীর উচ্ছেদের আতঙ্কে থাকা মানুষের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলেন এবং তাদের ভিটেমাটি রক্ষার লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। 

তারা ভূমির দলিল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পাহাড়িয়া জনগোষ্ঠীর মাঝে বিতরণের উপরও গুরুত্বারোপ করেন। 

মুক্তিযুদ্ধের পর ভারত থেকে আসা পাহাড়িয়া জাতিগোষ্ঠীর ছয়টি পরিবারকে ইন্দ্রা ধোপা নামের এক ব্যক্তি নগরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় বসবাস করতে জমি দেন। ধীরে ধীরে সেখানে তিন প্রজন্মের ১৩টি পরিবারের বসতি গড়ে ওঠে।

কয়েক বছর আগে ওই জমির মালিকানা দাবি করে সাজ্জাদ আলী ওরফে সাজ্জাদ হাজি তাদের উচ্ছেদের হুমকি দিয়ে আসছেন। এর মধ্যে তিনটি পরিবার সেখান থেকে চলেও গেছে। বাকিদের রোববার চলে যাওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে ঘটনাটি প্রশাসনের নজরে এলে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আদিবাসী পাহাড়িয়াদের উচ্ছেদ বন্ধে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 

প্রতিনিধিদলে ছিলেন সাংবাদিক ও কবি সোহরাব হাসান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খান, ব্লাস্টের কেন্দ্রীয় প্রতিনিধি মো. মিনহাজুল কাদির, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সিসিবিভিও সমন্বয়কারী আরিফ ইথার, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, ব্লাস্ট-রাজশাহী জেলা সমন্বয়কারী সামিনা বেগম, স্বেচ্ছাসেবক সম্রাট রায়হান।