১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, তিন জেলায় ট্রেন চলাচল বন্ধ

রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, তিন জেলায় ট্রেন চলাচল বন্ধ
রংপুরের পীরগাছায় ‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

রংপুরের পীরগাছা উপজেলায় ‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে পীরগাছা স্টেশনের আউট সিগনালের কাছে এ ঘটনা ঘটে বলে জানান পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে লালমনিরহাট থেকে অপর একটি ট্রেন রওনা দিয়েছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

স্টেশনের মাস্টার জেনারুল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী ‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনটি ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেসের’ সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। 

ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে যাত্রার জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী বিকাশ মজুমদার বলেন, লাইন পরিবর্তন করার সময় ট্রেনটি ছাড়ার ৩০০ গজের মধ্যে লাইনচ্যুত হয়। ঘটনার পরপর সেখানে উৎসুক জনতা ভিড় করেন। এতে অনেক যাত্রীর মালামাল খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ট্রেনটিতে অন্তত দুই হাজার যাত্রী ছিলেন।

পদ্মরাগ ট্রেনের এক যাত্রী কাকোলি রানী সরকার বলেন, পাশের সিটে ব্যাগ রেখে বাথরুমে গিয়েছিলেন তিনি। তখনই দুর্ঘটনা ঘটে। ফিরে এসে দেখেন তার ব্যাগ ও পাশের যাত্রী নেই।

স্টেশনের মাস্টার জেনারুল বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার ও নাইনটিন আপ-ডাউনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই পথে এসব ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ এবং নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আংশিক যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন না বলে জানান স্টেশন মাস্টার।