কিশোরগঞ্জে টানা দ্বিতীয় দিনের মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা
নিকলীতে সোমবার সকালে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
টানা দ্বিতীয় দিনের মত কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
জেলার হাওর উপজেলা নিকলীতে অবস্থিত আবহাওয়া কার্যালয়ে সোমবার সকালে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
রোববার নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
নিকলী আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আখতার ফারুক বলেন, “গতকালের তুলনায় শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সহসাই শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই।”
মৃদু শৈত্যপ্রবাহের কারণে কনকনে শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদেরকে। বিশেষ করে হাওর এলাকার বোরো ধান চাষ করা কৃষক, জেলে ও ভাসমান মানুষকে চরম কষ্ট পোহাতে হচ্ছে।
