Published : 25 Nov 2024, 12:18 AM
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজের অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া একজনকে সতর্কীকরণ নোটিশ দিয়েছে দলটি।
শনিবার কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এসব নোটিশ পাঠানো হয়।
এর মধ্যে কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাগর আহম্মেদ নাজিম এবং কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলামকে শোকজ করা হয়েছে।
আর কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটনকে সতর্কীকরণ নোটিশ পাঠানো হয়েছে।
রোববার দুপুরে কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের বলেন, সাগর আহম্মেদ নাজিম ও সাইকুল ইসলামকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কার্যক্রমের অভিযোগে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সাত দিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়কের কাছে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া আনোয়ারুল ইসলাম টুটনের বিরুদ্ধে ব্যক্তিগত আচরণ, অযাচিত ব্যবহার এবং নৈতিকতা বিরোধী কার্যক্রমের অভিযোগ রয়েছে। ভবিষ্যতে একই ধরনের অভিযোগ এলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।