আশুগঞ্জ এসিল্যান্ডের প্রত্যাহার দাবি এনসিপির
একদিন আগে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে এনসিপি নেতা হুমকির অভিযোগে থানায় জিডি করেন তাহমিনা সারমিন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিনের প্রত্যাহার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এ সময় তাকে ‘মুজিববাদী’ বলা হয়।
বুধবার দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম।
সংবাদ সম্মেলনে এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদী, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদ এবং প্রধান শিক্ষক আমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে এনসিপি নেতা ডালিম বলেন, তারা অনুমতি নিয়ে জুলাই অভ্যুত্থানের দোয়া মাহফিলের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এসিল্যান্ড বাধা দেন। বিষয়টি জুলাই চেতনার পরিপন্থি বলে মনে করেন তারা।
মঙ্গলবার বিকালে সরকারি দপ্তরে জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নিয়ে এসিল্যান্ডের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে এনসিপি নেতা হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
পরে এ ঘটনায় আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন।
এতে আশুগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু মোল্লা, সমন্বয়কারী সুমন মৃধা, আকিব জাবেদসহ ২০ থেকে ৩০ জনের নাম রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, “অনুষ্ঠান করতে সকালে ভূমি অফিসের সীমানা দেওয়া জায়গা ভেঙে দিয়েছে এনসিপি নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাধা দিলে এনসিপি নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দেন। আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণও করেছেন।
“অনুষ্ঠানের বিষয়ে তারা কাউকে অবগত করেননি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নন। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেওয়ায় এবং বাধা না মানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।”
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম।
