২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় এসিল্যান্ডকে এনসিপি নেতার হুমকির অভিযোগ, জিডি

আশুগঞ্জ থানায় জিডি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন।

ব্রাহ্মণবাড়িয়ায় এসিল্যান্ডকে এনসিপি নেতার হুমকির অভিযোগ, জিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি দপ্তরে জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নিয়ে এসিল্যান্ডের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে এনসিপি নেতা হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। 

এ ঘটনায় আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন। 

যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী, উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, আশুগঞ্জ বাজারে উপজেলা ভূমি কার্যালয় অবস্থিত। ভূমি কার্যালয়ের পেছনে শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ছিল। সেটি টিনের বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে।

সেখানে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান করতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এনিসিপির নেতাকর্মীরা যান। তারা এক পর্যায়ে ঢেকে রাখা ম্যুরালের চারপাশ থেকে টিনের বেড়া সরিয়ে নেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ঘটনাস্থলে পৌঁছে বাধা দেন। তখন এসিল্যান্ডের সঙ্গে এনসিপির নেতাদের কথা কাটাকাটি হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন বলেন, “অনুষ্ঠান করতে সকালে ভূমি অফিসের সীমানা দেওয়া জায়গা ভেঙে দিয়েছে এনিসিপির নেতারা। সরকারি জায়গায় অনুমতি ছাড়া অনুষ্ঠানে বাধা দিলে এনসিপির নেতা আমিনুল ইসলাম ডালিম উল্টো আমাকে হুমকি দিয়েছেন। আমার সঙ্গে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। 

“অনুষ্ঠানের বিষয়ে তারা কাউকে অবগত করেননি। ইউএনও স্যারও তাদের অনুষ্ঠানের বিষয়ে অবগত নন। তারা অনুষ্ঠান করবেই বলে জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। হুমকি দেওয়ায় এবং বাধা না মানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।”

এনসিপির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম বলেন, “বিকাল ৫টায় আশুগঞ্জের কাচারি পুকুর পাড়ে জুলাই-অগাস্টের বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল করব। উপজেলা ভূমি কার্যালয়ের পেছেন শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ছিল। ম্যুরালটি টিনের বেড়া ও গুনা দিয়ে তারা ঢেকে রেখেছিল। 

“মিলাহ মাহফিলের জন্য মঙ্গলবার সকালে এনসিপির সদস্যরা সেখানে পরিষ্কার করতে যান। পরিষ্কার করতে গিয়ে টিনের একটি বেড়া খুলেছিল। এজন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফোন করে আমাদের পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দেন। আমি বলেছিলাম, আমাদের বাধা দিয়েন না। আমরা অনুষ্ঠানটি করে ফেলি। কিন্তু সেখানে অনুষ্ঠান করা যাবে না বলে জানান তিনি।” 

আমিনুল বলেন, “হুমকির বিষয়টি বানোয়াট।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, “সরকারি অফিসের টিনের বেড়া সরিয়ে এনসিপির ব্যানারে জুলাই মঞ্চের নামে সমাবেশ করেছে। কিন্তু সরকারি অফিস, অফিসের নিরাপত্তা ও গোপনীয় নথি আছে এবং এখানে অনুষ্ঠান করতে দিতে পারি না। তারা কোথাও থেকে কোনো অনুমতি নেয়নি। 

“বাধা দেওয়ায় এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা। এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ উল্টো অনুষ্ঠানের অনুমতি দিতে বলেছেন। অনুমতি না দিলে আমরা নিজেরাই করে ফেলবে বলে জানিয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।”