২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হত্যার পর নিখোঁজ বলে প্রচার’, খালপাড়ে মিলল মাটিচাপা গৃহবধূর লাশ

লাশের সন্ধান পাওয়ার পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন ওই গৃহবধূর স্বামী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 12:31 AM

Updated : 10 Sep 2026, 12:21 PM

কুমিল্লার মনোহরগঞ্জে খালপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে হত্যার পর নিখোঁজ বলে প্রচার করা হয়েছিল বলে স্বজনরা জানান।

রোববার বিকালে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের ডাকাতিয়া নদীর শাখা নদনা খালেরপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। 

নিহত আইরিন আক্তার (২৮) মনোহরগঞ্জ উপজেলা সদরের  দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। 

প্রায় ৯ বছর আগে উপজেলার বাইশগাঁও গ্রামে সেলিম মিয়ার সঙ্গে বিয়ে হয় আইরিনের। তাদের তিন বছর বয়সি ছেলে এবং সাত বছর বয়সি এক মেয়ে রয়েছে।

সেলিম মিয়া তার পরিবারসহ বাইশগাঁও গ্রামে খালপাড়ের  নতুন বাড়িতে থাকতেন। তাদের মূল বাড়ি উপজেলার লক্ষণপুর ইউনিয়নের মড়হ গ্রামে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে ওই গৃহবধূকে হত্যা করে তাদের বাড়ি সংলগ্ন খালপাড়ে মাটিচাপা দিয়ে রাখেন। 

রোববার দুপুরে খালের পাড় থেকে ভেসে আসা দুর্গন্ধ থেকে মাটিচাপা দেওয়া লাশের বিষয়টি টের পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে এদিন বিকালে ওড়না দিয়ে মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূর অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত আইরিনের মা ছায়েরা খাতুন বলেন, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকালে মেয়ের বাড়ি থেকে আসেন তিনি। ২১ অক্টোবর সকালে মেয়ের জামাই সেলিম কল করে জানান, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

বিষয়টি জানার পর একইদিন থানায় গিয়ে মেয়ের খোঁজ পেতে জিডি করার কথা বলেন ছায়েরা খাতুন।

তিনি আরও বলেন, “কিন্তু বুঝতে পারিনি তারা আমার মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছে। আমি খুনিদের ফাঁসি চাই।”

স্থানীয়রা লাশের সন্ধান পাওয়ার পরপরই এলাকা থেকে গা ঢাকা দেন সেলিম মিয়া। তবে পুলিশ তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

যৌতুক ও পারিবারিক কলহের জেরে আইরিনকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

রোববার রাতে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।