খাগড়াছড়িতে তেলের কার্টনে মিলল নবজাতকের লাশ
পুলিশ বলছে, তেলের খালি কাগজের কার্টনে একটি নবজাতক শিশুকে কে বা কারা মৃত অবস্থায় ফেলে রেখে যায়।
খাগড়াছড়িতে একটি তেলের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১টার দিকে সদর উপজেলার শাপলা চত্বর সংলগ্ন ব্রিজের পাশে সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান।
নবজাতকের মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “শাপলা চত্বর সংলগ্ন ব্রিজের পাশে বাস ঝাড়ের ভেতর একটি তেলের খালি কাগজের কার্টনে একটি নবজাতক শিশুকে কে বা কারা মৃত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
