২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের প্রাণদণ্ড

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 05:21 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ মো. আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান।

দণ্ডপ্রাপ্ত আরিফ বিল্লাহর সাদুল্লাপুর উপজেলার ধাপরেহাট ইউনিয়নের হাসানপাড়ার গ্রামের বাসিন্দা।

মামলার নথির বরাতে আইনজীবী নিরঞ্জন কুমার বলেন, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাতে আরিফ বিল্লাহর সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। পরে বড় ভাই শহিদুলেও তর্কে জড়ান। 

একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে ভাই শহিদুলের মাথায় আঘাত করেন। এতে শহিদুল গুরুতর আহত হন। 

স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর মারা যান শহিদুল।

আইনজীবী আরও বলেন, “এর পর দিন শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন। 

পরে আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এ সময় তিনি বারবার বলছিলেন, ‘আমি নির্দোষ, আমি নির্দোষ’। 

আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, “রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি, সেখানে ন্যায়বিচার পাব।”