ব্রাহ্মণবাড়িয়া-২: সরাইল ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ রুমিন ফারহানার
প্রধান নির্বাচন কমিশনারের কাছে সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন হাঁস প্রতীকের এ প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনওর মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
এ ঘটনায় বৃহস্পতিবার সহকারী এ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হাঁস প্রতীকের এ প্রার্থী।
লিখিত অভিযোগে রুমিন ফারহানা বলেন, সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনি এলাকায় গুরুতর অনিয়ম দেখা যাচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন।
এর আগেও অনেকবার বিএনপি জোট সমর্থিত প্রার্থীর নানা অনিয়ম আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে অভিযোগ রুমিন ফারহানার।
পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা জানিয়ে ইউএনওর বিরুদ্ধে দুদকেও অভিযোগ করা আছে জানিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এ স্বতন্ত্র প্রার্থী।
তবে রুমিন ফারহানার অভিযোগ ভিত্তিহীন দাবি করে ইউএনও আবুবকর সরকার বলেন, “কোনো প্রার্থী যদি কোনো বিষয়ে লিখিত অভিযোগ দেন, আমরা সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করি এবং করব।
“অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে জন্য উপজেলা প্রশাসনসহ আমরা বদ্ধ পরিকর। ওনি (রুমিন ফারহানা) কোনো বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ করেননি।”
সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসেন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
